সংবাদমাধ্যমের সাথে কাজ করার জন্য নিজস্ব স্বতন্ত্র জনসংযোগ কমিটি গঠন করতে যাচ্ছে তালেবান। শনিবার তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সাংবাদিকদের কাছে এই তথ্য জানান।
জবিউল্লাহ মুজাহিদ বলেন, তিন সদস্যের এই কমিটিতে তালেবানের সাংস্কৃতিক কমিশনের এক প্রতিনিধি, মিডিয়ার নিরাপত্তা বিষয়ক সংস্থার এক উপপ্রধান এবং কাবুল পুলিশের এক কর্মকর্তা থাকবেন।
তালেবানের কাবুল নিয়ন্ত্রণ লাভের পর আফগানিস্তানের দিকে বর্তমানে আন্তর্জাতিক সব সংবাদমাধ্যমের নজর রয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধি তালেবান নিয়ন্ত্রিত কাবুল থেকে প্রতিদিনের খবর সরবরাহ করে আসছেন।
২০০১ সালে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার জেরে আফগানিস্তানে আগ্রাসন চালায় মার্কিন বাহিনী। অত্যাধুনিক সমরাস্ত্রসজ্জ্বিত মার্কিন সৈন্যদের হামলায় আফগানিস্তানের তৎকালীন তালেবান সরকার পিছু হটে।
তবে একটানা দুই দশক যুদ্ধ চলে দেশটিতে।
দীর্ঘ দুই দশক আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে কাতারের দোহায় এক শান্তিচুক্তির মাধ্যমে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করতে সম্মত হয় যুক্তরাষ্ট্র। এর বিপরীতে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় অংশ নিতে তালেবান সম্মত হয়।
এই বছরের মে মাসে সৈন্য প্রত্যাহারের কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এপ্রিলে এক ঘোষণায় ১১ সেপ্টেম্বরের মধ্যে সৈন্য প্রত্যাহারের কথা জানান। পরে জুলাই সময়সীমা আরো কমিয়ে এনে ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।
মার্কিনিদের সাথে চুক্তি অনুসারে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সরকারের সাথে তালেবানের সমঝোতায় আসার কথা থাকলে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ। সমঝোতায় না পৌঁছানোর জেরে তালেবান আফগানিস্তান নিয়ন্ত্রণে অভিযান শুরু করে।
৬ আগস্ট প্রথম প্রাদেশিক রাজধানী হিসেবে দক্ষিণাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী যারানজ দখল করে তারা। যারানজ নিয়ন্ত্রণে নেয়ার ১০ দিনের মাথায় ১৫ আগস্ট কাবুল দখল করে তালেবান যোদ্ধারা।
সূত্র : দ্য সিয়াসাত ডেইলি






