শর্তসাপেক্ষে আফগানিস্তান পুনর্গঠনের কাজে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
রোববার ওয়াশিংটনে আফগানিস্তান প্রসঙ্গে সাংবাদিকদের বাইডেন বলেন, ‘তালেবান আফগানদের আস্থা জয় করে সেদেশের উন্নতিতে সচেষ্ট হবে কি-না এই মৌলিক সিদ্ধান্ত তাদের নিতেই হবে। গত শত বছরে এমন নজির নেই। যদি তালেবানের পক্ষে এটা সম্ভব হয় তবে আমেরিকা সেদেশের পুনর্গঠনে আর্থিক, বাণিজ্যিকসহ সব ধরনের বাড়তি সহায়তায় রাজি।’
তাহলে কী তালেবানকে বিশ্বাস করতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট? জবাবে জো বাইডেন বলেছেন, ‘আমি কাউকে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি এমন মানুষের সংখ্যা নেহাতই কম।’
আগামী কয়েক দিনের মধ্যেই আফগানিস্তানে সরকার গড়ার ঘোষণা দিয়েছে তালেবান। এই পরিস্থিতে যাতে বিশ্বের কোনো রাষ্ট্রের তাদের ঘিরে বিরূপ ধারণা তৈরি না হয় সেজন্য উজ্জ্বল ভাবমূর্তি তুলে ধরতে মরিয়া তালেবান। আমেরিকাসহ নানান দেশের প্রতিনিধিদের সেদেশেই থেকে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে তালেবান। বিষয়টি উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
জো বাইডেন বলেছেন, ‘তালেবান প্রতিশ্রুতি পূরণ করছে কিনা তা দেখতে হবে। এখন পর্যন্ত মার্কিন বাহিনীর উপর তারা কোনো হামলা করেনি। যেসব মার্কিন আফগানিস্তান ছাড়ছেন তাদেরও নিরাপদেই ফিরতে দেয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত দেখতে হবে যে তালেবানের দাবি সত্যি কিনা।’
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহের পরেই সেদেশের নিয়ন্ত্রণ নিতে সচেষ্ট হয়ে উঠে তালেবান। কার্যত বিনা প্রতিরোধেই দেশের নিয়ন্ত্রণ নিতে সক্ষমও হয় তারা। বিশ্ব রাজনীতিতে প্রশ্ন উঠে- বাইডেন সরকারের আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত কী ঠিক ছিল?
এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘এখন যদি আফগানিস্তান থেকে সেনা না ফেরানো হয় তবে তা কবে হতো? ১০ বা ৫ বছর পর? আমি এ দেশের কারুর ছেলে বা মেয়েকে সেদেশে যুদ্ধের জন্য পাঠাতে রাজি নই।’
বাইডেন জানান, ২০ বছরের যুদ্ধ সময়ে ইতোমধ্যে ২ হাজার ৪৪৮ জন আমেরিকান নিহত হয়েছেন। এবং আহত হয়েছেন আরো ২০ হাজার ৭২২ জন। এছাড়া আমাদের প্রতিদিন খরচ হচ্ছে ৩০০ মিলিয়ন ডলার।
‘আমার সামনে দু’টো বিষয় বিবেচনার ছিল- হয় সেখানে বাহিনীর সদস্য সংখ্যা বাড়াতে হবে নয়তো যুদ্ধের সমাপ্তি টানতে হবে। আমি যুদ্ধের সমাপ্তি ঘোষণার সিদ্ধান্তই নিয়েছি,’ বলেন তিনি।
তিনি বলেন, ‘ইতিহাস বলবে আফগানিস্তান থেকে এখন মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত কতটা যুক্তিসম্মত ও সঠিক।’
সূত্র : এবিসি নিউজ, ইন্ডিয়ান এক্সপ্রেস






