আফগানিস্তানের শীর্ষ স্থানীয় সংবাদমাধ্যম তোলো নিউজের এক প্রতিবেদক ও এক ক্যামেরাম্যানকে তালেবান যোদ্ধারা পিটিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার সংবাদমাধ্যমটিতে প্রকাশিত এক প্রতিবেদনে এই অভিযোগ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, তোলো নিউজের প্রতিবেদক জিয়ার ইয়াদ ও তার ক্যামেরাম্যান বায়েস মাজিদি কাবুলের শাহর-ই-নওয়ের হাজি ইয়াকুব স্কয়ারে আফগানিস্তানে সাম্প্রতিক যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্ত ও চাকরি হারানো লোকদের বিষয়ে সংবাদ সংগ্রহের সময় অস্পষ্ট কারণে তাদের মারধর করে তালেবান যোদ্ধারা।
জিয়ার ইয়াদ বলেন, 'আমরা ফুটেজ সংগ্রহের সময়, তালেবান আসে এবং আমরা কে তা জিজ্ঞাসাবাদ করা ছাড়াই চেঁচামেচি শুরু করে। তারা আমার মোবাইল ফোন ও আমার ক্যামেরাম্যানের ক্যামেরা ছিনিয়ে নেয়।'
তিনি বলেন, 'আমরা তাদেরকে আমাদের রিপোর্টার ব্যাজ দেখাই কিন্তু তারা এসে আমাদের চড় মারে এবং বন্দুক দিয়ে পেটাতে থাকে।'
এই ঘটনায় আফগান সাংবাদিকরা তালেবান নেতৃত্বের প্রতি সংবাদমাধ্যমের সমর্থন দেয়ার আহ্বান জানিয়েছেন।
অপরদিকে তালেবানের কালচারাল কমিশনের উপপ্রধান আহমাদুল্লাহ ওয়াসিককে এই বিষয়ে জানানো হলে তিনি বলেন, তালেবান ইয়াদের সাথে সংগঠিত ঘটনা 'গুরুত্বের সাথে' পর্যবেক্ষণ করছে এবং নেতারা খতিয়ে দেখছেন কেন এই ঘটনা ঘটেছে।
তিনি বলেন, 'শুধু এই ঘটনাই নয়, কিন্তু আমরা সাংবাদিকদের সাথে যে কোনো ইস্যুর তদন্ত ও সমাধান করবো।'
এর আগে গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। বর্তমানে আফগানিস্তানের ৩৪ প্রদেশের মধ্যে ৩৩টির ওপরই তাদের নিয়ন্ত্রণ রয়েছে।
২০০১ সালে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার জেরে আফগানিস্তানে আগ্রাসন চালায় মার্কিন বাহিনী। অত্যাধুনিক সমরাস্ত্রসজ্জ্বিত মার্কিন সৈন্যদের হামলায় আফগানিস্তানের তৎকালীন তালেবান সরকার পিছু হটে।
তবে একটানা দুই দশক যুদ্ধ চলে দেশটিতে।
দীর্ঘ দুই দশক আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দখলের পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে কাতারের দোহায় এক শান্তিচুক্তির মাধ্যমে দেশটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করতে সম্মত হয় ওয়াশিংটন। এর বিপরীতে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় অংশ নিতে তালেবান সম্মত হয়।
চুক্তি অনুসারে ক্ষমতাসীন থাকা মার্কিন সমর্থনপুষ্ট আফগান সরকারের সমঝোতার জন্য তালেবান চেষ্টা করলেও দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়নি। এর পরিপ্রেক্ষিতে চলতি বছর মার্কিন সৈন্য প্রত্যাহারের মধ্যে পুরো দেশের নিয়ন্ত্রণে অভিযান চালাতে শুরু করে তালেবান। মে থেকে অভিযান শুরুর পর সাড়ে তিন মাসের মাথায় ১৫ আগস্ট রাজধানী কাবুলের অধিকার নেয় তালেবান যোদ্ধারা।
সূত্র : তোলো নিউজ






