আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও আফগান হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকন্সাইলেশনের প্রধান আবদুল্লাহ আবদুল্লাহকে তালেবান গৃহবন্দী করেছে বলে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে।
বৃহস্পতিবার আবদুল্লাহ আবদুল্লাহর ঘনিষ্ঠ এক আফগান কর্মকর্তার বরাত দিয়ে এই খবর জানায় সিএনএন।
আফগানিস্তানের এই দুই নেতাই দেশটিতে একটি অন্তর্ভূক্তিমূলক সরকার গঠনের জন্য তালেবানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। গৃহবন্দী করার খবরের বিষয়ে এখন পর্যন্ত কারজাই ও আবদুল্লাহর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সিএনএন জানিয়েছে, কারজাই ও আবদুল্লাহ এখন কার্যত গৃহবন্দী। সোমবারই তালেবান হামিদ কারজাইয়ের নিরাপত্তা দলের অস্ত্রশস্ত্র এবং গাড়ি জব্দ করেছে। হামিদ কারজাইকে আবদুল্লাহ আবদুল্লাহর বাড়িতে পাঠানো হয়েছে বলেও সিএনএনের খবরে দাবি করেছে। এছাড়া আবদুল্লাহ আবদুল্লাহর বাড়িতে তল্লাশি চালানোর পর বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের সরিয়ে নিয়েছে।
সিএনএনের প্রতিবেদনে আরো বলা হয়েছে, হামিদ কারজাই এখন বাধ্য হয়ে আবদুল্লাহ আবদুল্লাহর বাড়িতে অবস্থান করছেন। বাড়িটির নিরাপত্তার দায়িত্ব নিয়েছে তালেবান।
গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের মাধ্যমে দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান যোদ্ধারা।
সূত্র : পার্সটুডে






