তালেবানের সহ-প্রতিষ্ঠাতা ও বর্তমান অন্তর্বর্তীকালীন আফগান সরকারের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার প্রায় এক মাস পর কাবুলে ফিরেছেন এবং দায়িত্ব পালন করছেন।
কাবুল থেকে পাওয়া গোয়েন্দা সূত্রের কথা উল্লেখ করে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস বুধবার জানিয়েছে, দোহা আলোচনায় তালেবানের প্রধান আলোচক মোল্লা বারাদার মঙ্গলবার কান্দাহার থেকে কাবুলে ফিরেছেন।
ধারণা করা হচ্ছে, বারাদার কাবুল প্যালেসে অবস্থান করছেন। তবে তার সমর্থক প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুব, যিনি মোল্লা ওমরের ছেলে, এখনো কান্দাহারেই রয়েছেন।
খবরে আরো প্রকাশ, বারাদার তার নিজস্ব নিরাপত্তা বাহিনী নিয়ে এসেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে এ ব্যাপারে একটি চিঠি দিয়েছেন যে তার সরকারি নিরাপত্তা লাগবে না। যদিও মন্ত্রণালয়টি বলছে, উপ-প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেয়া তাদের দায়িত্ব।
চলতি বছর এপ্রিলে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই ঘোষণার এক মাস পর থেকে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিতে অভিযান শুরু করে তালেবানবাহিনী এবং মাত্র তিন মাসের মধ্যে দেশের প্রায় সবগুলো প্রদেশ নিজেদের নিয়ন্ত্রণে আনার পর গত ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান।
রাজধানী নিয়ন্ত্রণে নেয়ার দুই সপ্তাহ পর নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি শুরু করে তালেবান। গত ১০ সেপ্টেম্বর এ বিষয়ে তালেবান শীর্ষ নেতারা বৈঠক করেন কাবুলের প্রেসিডেন্টের প্রাসাদে।
সেই বৈঠকেই সূত্রপাত হয় বারাদার ও হাক্কানি গ্রুপের মধ্যে দ্বন্দ্বের খবর বের হয়। তালেবান নেতাদের একাংশ ওই বৈঠকে যে মন্ত্রিসভার প্রস্তাব করেন, তার বিরোধিতা করেছিলেন মোল্লা বারাদার ও তার অনুগত তালেবান নেতা-কর্মীরা। বৈঠকে এই নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি ও মোল্লা বারাদারের বাদানুবাদের খবর আসে। তারপর মোল্লা বারাদার কান্দাহারে চলে যান।






