আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য আফগানিস্তানের জালালাবাদ বিমানবন্দর প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। শনিবার তালেবান কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়।
আফগানিস্তানের নানগারহার প্রদেশের রাজধানী হলো জালালাবাদ, এ প্রাদেশিক রাজধানীতেই জালালাবাদ বিমানবন্দর অবস্থিত। এর আগে ২০ বছর ধরে এ জালালাবাদ বিমানবন্দরকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করেছে মার্কিন বাহিনী। তখন এ বিমানবন্দরে কোনো বেসামরিক ফ্লাইট চলাচলের অনুমতি ছিল না।
জালালাবাদ বিমানবন্দরের বর্তমান ভারপ্রাপ্ত পরিচালক স্পিন-ঘর শাহজাদ বলেন, জালালাবাদ বিমানবন্দরের সাথে সংশ্লিষ্ট প্রকৌশলীদের (টেকনিক্যাল) ও অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের কাজে ফিরতে বলা হয়েছিল।
তিনি বলেন, আমাদের জালালাবাদ বিমানবন্দরে এখন আর কোনো প্রযুক্তিগত সমস্যা নেই। বিমানবন্দরের সাথে সংশ্লিষ্ট প্রকৌশলী (টেকনিক্যাল) ও অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা এখন কাজে ফিরেছেন। আপনারা ফ্লাইট চলাচলের সাক্ষী হবেন।
নানগারহার প্রদেশের নিরাপত্তা বিভাগের প্রধান শেখ নেদা আহমাদ বলেন, আমরা আমাদের দেশের নাগরিক ও বিশ্বকে নিশ্চয়তা দিচ্ছি যে নানগারহার (জালালাবাদ) বিমানবন্দর ফ্লাইট চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত।
এদিকে নানগারহার প্রদেশের নাগরিকরা জালালাবাদ বিমানবন্দরে বেসামরিক ফ্লাইট চলাচল শুরু হওয়ায় খুশি।
হাজি জালমে নামের এক ব্যবসায়ী বলেন, এখন আমরা সরাসরি নানগারহার প্রদেশ থেকে চীনে যেতে পারব।
আব্দুল্লাহ নামের এক বাসিন্দা বলেন, জালালাবাদ বিমানবন্দর খুলে দেয়া একটি ভালো পদক্ষেপ। এ বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হলে তা এ নানগারহার প্রদেশের জন্য অনেক সুযোগ-সুবিধা বয়ে আনবে।
সূত্র : তোলো নিউজ






