ভারতীয় মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ বছর করার বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন,‘‌ভারত সরকার মেয়ে–বোনদের স্বাস্থ্য নিয়ে চিন্তা-ভাবনা করছে। মেয়েদের অপুষ্টি থেকে রক্ষা করতে গেলে তাদের সঠিক বয়সে বিয়ে হওয়া জরুরি।’‌ গত বছর ভারতের স্বাধীনতা ভাষণে তিনি এসব কথা বলেন। এরপর ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভাও তাতে ছাড়পত্র দেয়। কিন্তু, এখনই ভারতীয় মেয়েদের বিয়ের বয়স ২১ করা হচ্ছে না। কারণ, বিরোধীতার মুখে বিলটিকে পাশ করানোর ক্ষেত্রে ধীরে চলো নীতি অবলম্বন করছে ভারতের মোদি সরকার।

গত বছর ভারতের স্বাধীনতা ভাষণে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ বছর করার বিষয়ে সুপারিশ করেন। এর পর ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভাও তাতে ছাড়পত্র দেয়। মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ বছর করা হয়। ভারতের কেন্দ্রীয় সরকারের ইচ্ছা ছিল, এ শীতকালীন অধিবেশনেই বিলটিকে পাশ করানো। কিন্তু, আপাতত তা হচ্ছে না। কারণ, বিলটিকে পাশ করানোর ক্ষেত্রে ধীরে চলো নীতি অবলম্বন করছে ভারতের মোদি সরকার। এখন এ ‘প্রোহিবিশন অফ চাইল্ড ম‌্যারেজ (সংশোধনী) বিল, ২০২১’ সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠানো হয়েছে।

ভারতীয় মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ বছর করার বিষয়ে প্রথম থেকেই বিরোধিতা করে আসছে ভারতের বিরোধী দলগুলো। এমনকি ভারতের বহু সাধারণ মানুষও এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। ইতোমধ্যে মঙ্গলবার লোকসভায় বিলটি পাশ করেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। যুক্তি দেন, ভারতে লিঙ্গ বৈষম্য দূর করার জন্য এ আইন আনা জরুরি। এর পরেই ভারতের বিরোধী দলগুলো গর্জে ওঠে। বিজেপিবিরোধী দলগুলো বলছে, ভারতের বিরোধী দলগুলোর সাথে পরামর্শ না করেই এ বিলটি আনা হয়েছে। তাছাড়া এ বিলের খুঁটিনাটি বিষয়ে নজর দেয়া দরকার। তাদের দাবি মেনেই বিলটিকে ভারতের সংসদীয় স্থায়ী কমিটির কাছে বিবেচনার জন‌্য পাঠানো হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে ভারতের গণমাধ্যমগুলো।

ভারতীয় সংসদে বিল পাশ নিয়ে বারবার দেশটির বিরোধী দলগুলোর বিক্ষোভের মুখে পড়েছে মোদি সরকার। তাতে অবশ্য কান দেয়নি নরেন্দ্র মোদির বিজেপি সরকার। আলোচনা ছাড়াই পাশ করানো হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল। গত বছর ভারতে কৃষি বিল পাশ করানো হয়। ভয়ঙ্কর বিক্ষোভের মুখে পড়ে এ শীতকালীন অধিবেশনে তা প্রত্যাহার করেও বিল পাশ করানো হয়। নির্বাচনী সংস্কার বিলও পাশ করিয়েছে মোদি সরকার। এবার ভারতীয় মেয়েদের বিয়ের বয়স বাড়ানোর জন্য বিল নিয়ে একই বিরোধিতার মুখে পড়ে পিছু হঠল বিজেপি সরকার। এটা তাৎপর্যপূর্ণ।

এখন ভারতে ছেলেদের বিয়ের বয়স ২১ বছর। কিন্তু মেয়েদের ১৮। ওই বয়সসীমা বাড়াতে চায় সরকার। এ কারণে বাল্য বিবাহ আইন, বিশেষ বিবাহ আইন, হিন্দু বিবাহ আইনেও পরিবর্তন আনছে সরকার। মোদি সরকারের এ প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষ (নীতি আয়োগের টাস্ক ফোর্স)।

গত বছরের জুনে ভারতের কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয় এ উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে। কমিটিতে কেন্দ্রীয় আইন, স্বাস্থ্য, নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও শীর্ষ সরকারী উপদেষ্টা ভি কে পল রয়েছেন। নেতৃত্বে রয়েছেন সমতা পার্টির প্রাক্তন সভাপতি জয়া জেটলি। এ মাসেই রিপোর্টে পেশ করে ওই কমিটি। তাতে বলেছে, মেয়েদের প্রথম সন্তান ধারণের বয়স হওয়া উচিত ২১ বছর। রিপোর্টে এও বলা হয়েছে, যে মেয়েদের দেরিতে বিয়ে হলে ভারতের সমাজ, পরিবার ও অর্থনীতি লাভবান হবে।

সূত্র : আজকাল