ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন যে দেশটির উত্তরপ্রদেশ রাজ্যে তার দল বিজেপিকে ক্ষমতায় আনবে নারীরা। কারণ, উত্তরপ্রদেশ রাজ্যের (বিতর্কিত) মূখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও তার সরকার নারীদের ক্ষমতায়ন ও নিরাপত্তার জন্য যা করেছ তা দৃষ্টান্তমূলক। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে এমন দাবি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার প্রয়াগরাজে স্বনির্ভর গোষ্ঠীর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেছেন তিনি।

স্বনির্ভর গোষ্ঠীর ওই অনুষ্ঠানে মোদির সাথে ছিলেন উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বহু নারী উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে। সেখানে মোদি বলেছেন, ‘উত্তরপ্রদেশ এখন নিরাপদ। এখানে কাজের সুযোগও অনেক বেশি। মা-বোনেদের আশীর্বাদ যতক্ষণ আমাদের সাথে আছে আমি আত্মবিশ্বাসী, কেউ উত্তরপ্রদেশকে অন্ধকারে ঠেলতে পারবে না।’ এরপরই ভারতের বিরোধী দলগুলোর সমালোচনা শুরু করেন মোদি।

এছাড়া তিনি বলেন, ‘পাঁচ বছর আগে উত্তরপ্রদেশের রাস্তা মাফিয়া ও দুর্বৃত্তদের দখলে থাকত। এর জন্য সবচেয়ে বেশি হয়রানির শিকার হতেন নারীরা। মা-বোনেরা নিরাপদে চলাফেরাও করতে পারতেন না।’ বিজেপি নেতা আদিত্যনাথ এসব অপরাধীদের জেলে পাঠিয়েছেন বলে দাবি করেন তিনি।

এর পাশাপাশি কেন্দ্রে তার সরকার ও উত্তরপ্রদেশে যোগী সরকার নারীদের ক্ষমতায়নের জন্য কী কী প্রকল্প এনেছে, কী কী কাজ করেছে— তার বিস্তারিত খতিয়ান তুলে ধরেছেন। এরপর তিনি বলেন, এসব কারণে উত্তরপ্রদেশ রাজ্যে তার দল বিজেপিকে ক্ষমতায় আনবে নারীরা।

সূত্র : আনন্দবাজার পত্রিকা