ভারতের পাঞ্জাব প্রদেশের লুধিয়ানার আদালতে বিস্ফোরণের ঘটনায় যশবিন্দর সিং মুলতানি নামের এক শিখ উগ্রবাদী জার্মানিতে গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার এমন সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম।
লুধিয়ানার আদালতে বিস্ফোরণের ঘটনায় ভারতের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী চান্নি তার রাজ্যের বিরোধী সংগঠন অকালি দলের নেতার হাত দেখেছিলেন। পুলিশ এমন কথা বিশ্বাস করেনি। এখন ওই বিস্ফোরণের ঘটনায় অন্যতম অভিযুক্তকে জার্মানিতে আটক করা হয়েছে। অভিযুক্তর নাম যশবিন্দর সিং মুলতানি। তিনি ভারতের নিষিদ্ধ উগ্রবাদী সংগঠন শিখস ফর জাস্টিসের সদস্য।
এর আগে এক ভারতীয় পুলিশ অফিসার জানিয়েছিলেন, পাকিস্তান ও জার্মানিতে বসবাসকারী দু’উগ্রবাদী এ বিস্ফোরণের ঘটনায় জড়িত। দু’জনেই নিষিদ্ধ শিখ সংগঠনের সদস্য। এ শিখস ফর জাস্টিস (এসএফজে)–কে অনেক দিন আগেই নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত।
এর আগে গোয়েন্দারাও একই বিষয়ে সতর্ক করেছিল। বলেছিল, বব্বর খালসা উগ্রবাদী সংগঠনের সদস্য হরবিন্দর সিং সান্ধু ও এসএফজে–র সদস্য মুলতানি নাশকতার ছক কষছেন। লুধিয়ানা আদালতে বিস্ফোরণের ঘটনায় যে তাদেরই হাত আছে, তাও জানায় পুলিশ। এ মুলতানি থাকে জার্মানিতে। তিনি আরেক উগ্রবাদী নেতা গুরপাটওয়ান্ত সিং পান্নুর সহযোগী। এ পান্নুও জার্মানির বাসিন্দা। আর সান্ধু থাকে এখন পাকিস্তানে।
ভারতের কূটনৈতিক সহযোগিতায় মুলতানিকে বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে জার্মান পুলিশ। তাকে জেরা করতে জার্মানি যাচ্ছে ভারতীয় পুলিশের একটি দল। জানা গেছে, লুধিয়ানায় বিস্ফোরণের পর দিল্লিতেও বেশ কিছু জায়গায় নাশকতার ছক কষেছিল যশবিন্দর সিং মুলতানি।
এর আগে মুলতানির নাম একবার প্রকাশ্যে এসেছিল। দিল্লি সীমান্তে কৃষক আন্দোলনের সময়। কৃষকনেতা বলবীর সিং রাজেওয়ালকে হত্যা করতে চেয়েছিলেন তিনি। উদ্দেশ্য ছিল আইন–শৃঙ্খলা নষ্ট করা। শেষ পর্যন্ত পুলিশ ওই পরিকল্পনা ভেস্তে দেয়।
সূত্র : আজকাল






