করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রনে’ আক্রান্ত হয়ে ভারতে প্রথম একজনের মৃত্যু হলো। মারা গেছেন রাজস্থানের উদয়পুরে ৭৩ বছর বয়সী এক ব্যক্তি। বুধবার (৫ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে রাজস্থান সরকার।
রাজস্থানের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, করোনার দু’টি টিকাই নেয়া ছিল ওই ব্যক্তির। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো বেশ কিছু জটিলতাও ছিল তার।
স্বাস্থ্য দফতর জানিয়েছে, লক্ষ্মীনারায়ণনগরের বাসিন্দা ওই ব্যক্তি গত ১৫ ডিসেম্বর কোভিডে আক্রান্ত হয়েছিলেন। তখন হাসপাতালেই ভর্তি ছিলেন তিনি। তার শরীরে ভাইরাসের মাত্রা বেশি থাকায় জিন পরীক্ষা করানো হয়। এর পরই ওমিক্রনের উপস্থিতি ধরা পড়ে তার শরীরে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে কোথাও যাননি তিনি। বাড়িতেই ছিলেন। তার সংস্পর্শেও কেউ আসেননি বলে জানা গেছে।
ভারতে এখন পর্যন্ত ২ হাজার ১৩৫ জন ওমিক্রন আক্রান্তের সন্ধান মিলেছে। সবচেয়ে বেশি মহারাষ্ট্রে (৬৫৩ জন), এর পর রয়েছে দিল্লি (৪৬৪ জন)।
সূত্র : আনন্দবাজার পত্রিকা






