আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা ইরানের সাথে হওয়া পানি বণ্টনের চুক্তি রক্ষা করবে। সোমবার এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।
যদিও আফগানিস্তান ও ইরানে সুপেয় পানির অভাব আছে এবং এ পানির অভাবে বিক্ষোভও হয়। বিশেষ করে ইরানে পানি সঙ্কটকে কেন্দ্র করে এ ধরনের বিক্ষোভ বেশি হয়। তারপরেও আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ ইরানের পানির দাবি রক্ষা করার অঙ্গীকার করেছে।
শুক্রবার এক বিবৃতিতে আফগানিস্তানের পানি ও জ্বালানি বিষয়ক মন্ত্রণালয় বলেছে, হেলমান্দ নদীর পানির অধিকার নিয়ে আফগানিস্তান ১৯৭৩ সালের পানি বণ্টনের চুক্তি মেনে চলছে। ওই পানি বণ্টনের চুক্তি অনুসারে ইরান এ হেলমান্দ নদী থেকে ৮২০ মিলিয়ন ঘনমিটার (কিউবিক মিটার) পানি পাবে।
এদিকে গত মাসে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদেহ বলেছেন, যদিও আফগানিস্তানের সরকার পানি বণ্টনের চুক্তি নিয়ে তাদের নিশ্চয়তা দিয়েছে, তবুও ইরান এ পানি বণ্টন চুক্তির বাস্তবায়ন নিয়ে শঙ্কিত। কারণ, আফগানিস্তান তাদের বাঁধ খুলে দিলেও দুর্ভাগ্যবশত ইরানের নদীতে কোনো পানি প্রবেশ করেনি। কারণ, আফগান কর্তৃপক্ষ পর্যাপ্ত পানি সরবরাহ করেনি।
সূত্র : মিডল ইস্ট মনিটর






