ভারতের আদানি শিল্পগোষ্ঠীর রাজস্থান বিদ্যুৎ প্রকল্পর জন্য ছত্তীসগঢ়ের কয়লা খনির ছাড়পত্র দেয়া নিয়ে দু’কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে করেছেন রাহুল গান্ধী। যদিও স্থানীয় আদিবাসী, পরিবেশকর্মীরা কয়লা উত্তেলনের বিরোধীতা করেছেন। কারণ, এর মাধ্যমে পরিবেশগত ক্ষতি ও আদিবাসীদের বিভিন্ন ক্ষতির শঙ্কা আছে। সোমবার এমন সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী দিল্লিতে গিয়ে রাজস্থান ও ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত ও ভূপেশ বঘেলের সাথে বৈঠক করেছেন। ভারতের রাজস্থান প্রদেশে আদানি গোষ্ঠীর বিদ্যুৎ প্রকল্পের জন্য দেশটির কয়লা মন্ত্রণালয় ছত্তীসগঢ়ের পরসা কয়লা খনি বরাদ্দ করেছে।

কিন্তু জঙ্গলের মধ্যে থাকা ওই এলাকায় কয়লা উত্তেলন করা হলে পরিবেশগত ক্ষতি ও আদিবাসীদের ব্যাপক ক্ষতির শঙ্কা আছে। এ কারণে স্থানীয় আদিবাসী, পরিবেশকর্মীরা পরসা কয়লা খনিতে আরো খননকাজের বিরোধিতা করছেন বলে বঘেল এখনো এতে ছাড়পত্র দেননি। গহলৌত একাধিক বার সনিয়া গান্ধীকে চিঠি লিখে তার হস্তক্ষেপ চেয়েছেন। আজ বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বঘেল যুক্তি দেন, বিরোধীরা আদিবাসীদের ক্ষোভকে কাজে লাগালে বস্তার, সরগুজা এলাকায় কংগ্রেসকে খেসারত দিতে হবে। তবে কেউই এ প্রসঙ্গে বাইরে মুখ খোলেননি।

বৈঠকের পরে বঘেল জানান, পাঁচ রাজ্যের নির্বাচন নিয়ে পর্যালোচনা হয়েছে। ২০১৭ সালে দেখা গিয়েছিল যে গোয়া, মণিপুরে কংগ্রেস বিধায়কদের ভাঙিয়ে বিজেপি সরকার গড়ে ফেলেছে। এ বার তার পুনরাবৃত্তি রুখতে কী রণকৌশল নেয়া যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।

সূত্র : ভারতীয় গণমাধ্যম