পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত বুধবার কিছু শহরে দুই থেকে তিনবার হামলা চালানোর চেষ্টা করেছে এবং এখনো ভারতের আক্রমণের ঝুঁকি রয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) বিবিসি এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের বেসরকারি চ্যানেল জিও টিভিতে ‘আজ শাহজাইব খানজাদা কে সাথ’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খাজা আসিফ বলেন, ‘ভারত কিছু শহরকে দুই থেকে তিনবার টার্গেট করার চেষ্টা করেছে, অন্তত রাডারের ওপর দিয়ে, যাতে প্রয়োজন হলে এ শহরগুলোয় হামলা চালানো যায়।’

তিনি আরো জানান, আক্রমণ ঠেকাতে কিছু শহরে আলো নিভিয়ে দেয়া হয়েছিল।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমরা এর জন্য প্রস্তুত। ভারতকে এর চড়া মূল্য দিতে হবে। ভারত যা করছে তা আমরা সহ্য করব না, বরং তার জবাব দেব।’

খাজা আসিফ বলেন, ‘দুই সপ্তাহ আগে শুরু হওয়া সংকট এখনো শেষ হয়নি।’

তিনি বলেন, ‘ভারত যদি কোনো কারণ বা প্রমাণ ছাড়াই পদক্ষেপ নিতে পারে, তাহলে আমরাও জবাব দেব। পাকিস্তানকে এর জবাব দিতে হবে।’

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, ‘আমরা যদি এখন ভারতকে জবাব দেই, তাহলে আমাদের কাছে এর যুক্তি আছে। কিন্তু আমরা ভারতে বেসামরিক নাগরিকদের টার্গেট করব না।’