ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে বৃহস্পতিবার দিল্লিতে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অংশ নেয়ার পর কেন্দ্রীয় সংসদীয়-বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের বলেছেন, ‘অপারেশন সিঁদুর একটি চলমান অভিযান।’
তিনি বলেছেন, ‘প্রতিরক্ষামন্ত্রী উপস্থিত সব নেতাকে অপারেশন সিঁদুর সম্পর্কে অবহিত করেছেন। তাদের পুরো পরিস্থিতি ও সরকারের উদ্দেশ্য সম্পর্কে জানিয়েছেন। বিভিন্ন দলের নেতারাও নিজেদের মতামত জানিয়েছেন এবং কিছু পরামর্শ দিয়েছেন।’
কিরেন রিজিজু জানিয়েছেন, উপস্থিত সব দলের নেতারা সেনাবাহিনীর প্রতিটি পদক্ষেপে সমর্থনের আশ্বাস দিয়েছেন।
ভারত অধিকৃত কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশ ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বেড়েই চলছিল। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ নয়টি স্থানে হামলা চালিয়েছে ভারত।
জবাবে পাল্টা আক্রমণ করেছে পাকিস্তানও। ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো ৪৬ জন।






