সিন্ধু পানি চুক্তি স্থগিত থাকায় ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্র মন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। আর বিলাওয়ালের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতীয় অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।
মঙ্গলবার (১২ আগস্ট) হিন্দুস্তান টাইমস জানায়, মিঠুন চক্রবর্তী বিলাওয়াল ভুট্টো জারদারিকে পাকিস্তানে প্রস্রাব করার ভয় দেখিয়েছেন। তিনি বলেছেন, ‘একটি বাঁধ বানিয়ে সেখানে ১৪০ কোটি ভারতীয় মূত্র ত্যাগ করবেন। তারপর সেই বাঁধের গেট খুলে দেয়া হবে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিঠুন বলেন, ‘পাকিস্তানের সাধারণ মানুষের বিরুদ্ধে আমার কিছু নেই। তারা ভালো মানুষ। তারা যুদ্ধ চান না। তবে সে (বিলাওয়াল ভুট্টো) যদি এমন মন্তব্য করতে থাকে এবং আমাদের মাথা গরম হয়ে যায়, তাহলে আরো একটি “ব্রহ্মস” উড়ে যাবে সেখানে। আর না হলে আমরা এমন একটি বাঁধ তৈরির কথাও ভেবেছি, যেখানে ১৪০ কোটি ভারতীয় মানুষ প্রস্রাব করবে। এরপর আমরা বাঁধটি খুলব, এবং একটি সুনামি ঘটবে।’
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নতুন করে পরমাণু হামলার হুমকি দিয়েছেন ভারতকে। আর এর একদিন পরই পাকিস্তানের সাবেক মন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতের বিরুদ্ধে আরো এক দফা যুদ্ধের হুমকি দেন। সিন্ধু প্রদেশের সরকারের সংস্কৃতি বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিলাওয়াল ভুট্টো বলেন, সিন্ধু নদের পানি পাকিস্তানে আসতে বাধা দিলে দেশটির ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতার ওপর হামলা হবে।
২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পরপরই ভারত ১৯৬০ সালের এই সিন্ধু চুক্তি স্থগিত করে দেয়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি ঘোষণা করেছেন যে, ভারত এই ঐতিহাসিক চুক্তি পুনরায় চালু করবে না। বিলাওয়াল বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি সিন্ধু নদে হামলার ঘোষণা করেন, তাহলে তিনি আমাদের ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতার ওপর আঘাত হানবেন।’






