পাকিস্তানে আজাদ কাশ্মিরসহ বেশ কয়েকটি স্থানে ভারত ‘অপারেশন সিন্দুর’ নামে যে সামরিক অভিযান চালিয়েছে তার প্রতিক্রিয়ায় ভারতে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত রেউভেন আজার বলেছেন, ভারতের আত্মরক্ষার অধিকার আছে।

তার ভাষ্যে, ‘ভারতের আত্মরক্ষার অধিকারকে ইসরাইল সমর্থন করে।’

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় লেখেন, ‘সন্ত্রাসীদের অবশ্যই জানতে হবে যে নিরীহ মানুষের ওপর বর্বরতার পর তাদের লুকানোর জন্য কোনো আশ্রয়স্থল নেই।’

এদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে অবস্থিত নয়টি সন্ত্রাসী ঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছে।’

ভারত অধিকৃত কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশ ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বেড়েই চলছিল। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই গতকাল মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও আজাদ কাশ্মিরের নয়টি স্থানে হামলা চালিয়েছে ভারত।

জবাবে পাল্টা আক্রমণ করেছে পাকিস্তানও। ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো ৪৬ জন।