ভারতের ‘অপারেশন মহাদেব’কে ভিত্তিহীন ও অর্থহীন বলে মন্তব্য করেছে পাকিস্তান। শুক্রবার (২ আগস্ট) ইসলামাবাদে এক নিয়মিত সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান এ মন্তব্য করেছেন।

তিনি বলেন, ‘ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে বক্তব্য দিয়েছেন, তা মিথ্যা ও কাল্পনিক কাহিনির ওপর ভিত্তি করে তৈরি। পাকিস্তান ভারতের পরমাণু হুমকি ও কথিত অপারেশন মহাদেবের কৌশলগত গুরুত্বকে সরাসরি প্রত্যাখ্যান করছে।’

এর আগে, এই সপ্তাহের শুরুতে ভারতের লোকসভায় অমিত শাহ দাবি করেছিলেন, ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরের পেহেলগাম হামলায় জড়িত তিনজন নিহত উগ্রবাদীর কাছ থেকে পাকিস্তানের ভোটার আইডি কার্ড ও স্থানীয়ভাবে তৈরি চকলেট পাওয়া গেছে।

ভারতের লোকসভায় অপারেশন সিন্দুর সম্পর্কে ভারতীয় রাজনৈতিক নেতাদের মন্তব্যকে ভিত্তিহীন ও উস্কানিমূলক বলে বর্ণনা করেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, নয়াদিল্লি তথ্য বিকৃত করছে এবং বিনা উস্কানিতে আগ্রাসনকে ন্যায্যতা দেয়ার চেষ্টা করছে।

পেহেলগাম হামলার বিষয়ে পাকিস্তান একটি স্বচ্ছ ও স্বাধীন তদন্তের প্রস্তাব দিলেও ভারত তা প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘সহযোগিতা করার পরিবর্তে ভারত আগ্রাসনের পথ বেছে নিয়েছে, একতরফাভাবে বিচারক, জুরি এবং কার্যকারক হয়ে উঠেছে।’

তিনি আরো দাবি করেন, ‘যাদের বিরুদ্ধে পহেলগাম হামলার অভিযোগ, তারা তো লোকসভা বিতর্ক শুরুর আগেই নিহত হয়েছিলেন। এতেই ভারতের গল্পের ফাঁকফোকর স্পষ্ট হয়ে যায়।’

সূত্র : জিও নিউজ