পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছেন।

বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী।

এর আগে, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মিরের নয়টি স্থানে হামলা চালিয়েছে ভারত।

ভারত প্রথমে মিসাইল আক্রমণ চালায়। জবাবে পাল্টা হিসেবে আক্রমণ শুরু করে পাকিস্তানও।

ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো ৩৫ জন।

অন্যদিকে ভারতের সেনাবাহিনী তাদের এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে দাবি করেছে, ভারত অধিকৃত কাশ্মিরের পুঞ্চ-রাজৌরি এলাকার ভিম্বার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান।

ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র বিবিসিকে নিশ্চিত করেন, ভারত-শাসিত কাশ্মিরে তিনজন নিহত হয়েছেন।

ভারত অধিকৃত কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর থেকে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ দু’টির মধ্যে উত্তেজনা শুরু হয়।