পুরান ঢাকার ফরিদাবাদ ও গেন্ডারিয়ার রাস্তাঘাট একবারে বিধ্বস্ত। এ ছাড়াও দীর্ঘদিন হতে রাস্তার ম্যানহোলগুলোর চতুর্দিকে মাটিসহ ভেঙে বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অবহেলা ও উদাসীনতার জন্য প্রতি দিন-রাত অহরহ দুর্ঘটনা ঘটছে যা দেখার কেউ নেই। এলাকার সব রাস্তাঘাট এবং ম্যানহোল ঝুঁকির মধ্যে রয়েছে। এলাকাবাসী এলাকার রাস্তাঘাট সংস্কারের জন্য অনেক দিন হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি করছে কিন্তু কে শোনে কার কথা? এ ছাড়াও দীর্ঘদিন থেকে পুরান ঢাকার বংশাল ধোলাইখাল, ওয়ারী, দয়াগঞ্জ, টিপু সুলতান রোড, দীননাথ সেন রোড, ডিস্টিলারি রোড, সতিশ সরকার রোড, কে বি রোড, ফরিদাবাদের হরিচরণ রায় রোড, নারিন্দা ও একরামপুর-লক্ষ্মীবাজারের রাস্তাঘাটের অবস্থা বেহাল ও শোচনীয়। তা ছাড়াও গেন্ডারিয়ার লোহারপুল হতে পোস্তগোলা পর্যন্ত রাস্তার দু’দিকে ছোট ছোট অসংখ্য গর্তের কারণে অহরহ দুর্ঘটনা ঘটেই চলছে। রাস্তাগুলোর অবস্থা গুরুতর। ইতোমধ্যে স্বামীবাগের মেথরপট্টির রাস্তাও সংস্কারের অভাবে দিন দিন ভাঙতে শুরু করছে। সময়মতো সংস্কারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কোনো মাথাব্যথা নেই। সামান্য বৃষ্টি হলে এলাকায় এলাকায় জলাবদ্ধতার সমস্যা প্রকটভাবে দেখা দেয়। দীর্ঘদিন থেকে পুরান ঢাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছেন। প্রতিদিন চলার পথে পুরান ঢাকায় ভাঙাচোরা রাস্তার কারণে নগরবাসীকে সমস্যায় পড়তে হয়। গোটা পুরান ঢাকা ধুলোবালি ও কাদায় একাকার।
আশা করি দ্রুত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন রাজধানীর ফরিদাবাদ-গেন্ডারিয়াসহ পুরান ঢাকার সব রাস্তাঘাট ও ম্যানহোলগুলো জরুরি ভিত্তিতে সংস্কারের উদ্যোগ নেয়ার জন্য অনুরোধ করছি।
মাহবুবউদ্দিন চৌধুরী
গণমাধ্যমকর্মী, ১৭, ফরিদাবাদ-গেন্ডারিয়া, ঢাকা-১২০৪