শুধু ‘নিরাপদ সড়ক চাই’, এ কথা বললে সড়ক পুরোপুরি নিরাপদ হবে না। কেননা মাতাল চালকের কি হুঁশ থাকে? মাদকের গডফাদারদের শাস্তির দাবি এখনি করুন। মাদকের বিরুদ্ধে অভিযান হয়েছে, অনেকে ধরা পড়েছে কিন্তু গডফাদারেরা কেউ ধরা পড়েনি! যেসব দোকান থেকে মাদক সরবরাহ করা হয়, সেসব দোকানে সচেতন নাগরিকেরা তল্লাশি করুক। চালকদের প্রস্রাবে যেন মাদকের উপস্থিতির পরীক্ষা করা হয়, সে দাবিও তুলুন।
মাদক গডফাদারদের দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। মিয়ানমার ও ভারত সীমান্ত দিয়ে দেশে মাদক ঢুকে। বিজিবিকে বাড়ানো উচিত মান ও সংখ্যা, উভয় ক্ষেত্রেই। মাদকের অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবিকে সর্বোচ্চ প্রযুক্তি ও প্রশিক্ষণ দেয়া হোক। আন্দোলনে বা অন্য যেকোনো সময় গালাগাল করা মোটেই মানানসই নয়। মন্দ শব্দযুক্ত পোস্টার ব্যবহার সমর্থন করা যায় না।
পুলিশের কিছু গাড়ির এবং ড্রাইভারের লাইসেন্স নেই। এর লাইসেন্স করাতে সময় লাগবে। অন্যায়ের প্রতিবাদ কখনোই পেশাভিত্তিক বা গোষ্ঠিভিত্তিক নয়। অন্যায়ের শাস্তির দাবি হতে হবে সর্বজনীন। যে অন্যায় করেছে সে শাস্তি পাবে, অন্য কেউ কিংবা ওই পেশার সবাই নয়।
নতুন প্রজন্মকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শেখানো হচ্ছে, ‘দুনিয়াটা মস্ত বড়, খাওদাও ফুর্তি করো’। আর ফুর্তি বাড়ানোর জন্য নাকি চাই মাদক! তা থেকে সব ধরনের খুনখারাবি, সব ধরনের অনিষ্ট এবং লিভার সিরোসিস, এইডস, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত স্ট্রোক, আর তা থেকে যুবক বয়সে মৃত্যু! সেই সাথে সড়ক দুর্ঘটনা!
পথচারীরা যেন ফুট ওভারব্রিজ এবং জেব্রা ক্রসিং ব্যবহার করেন। নিজে যেসব যানবাহনে উঠি, সেগুলো উল্টা পথে চললে আমরা যেন চালককে নিষেধ করে এমন করা থেকে অবশ্যই বিরত রাখি। চালক অন্য গাড়ির সাথে প্রতিযোগিতা করলে যাত্রীরা সবাই যেন তাকে বিরত রাখেন। চলার পথে পথচারীকেও সতর্ক থাকতে হবে। কেননা, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।
মন্ত্রীর গাড়ি উল্টা চলার পথ থেকে ফিরিয়ে দেয়া হয়েছে। এটা থেকে যেন সবাই শিক্ষাগ্রহণ করি।
লাইসেন্স প্রদানকারী প্রতিষ্ঠানসহ সব ক্ষেত্রে অনিয়ম, ঘুষ ও হয়রানি বন্ধ হোক।
ফিটনেসবিহীন গাড়িগুলো অবিলম্বে বাদ দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের পাশে ও সামনের সড়কে অবশ্যই পর্যাপ্ত স্পিডব্রেকারের ব্যবস্থা করতে হবে।
লেখক : চিকিৎসক, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল
শুধু ‘নিরাপদ সড়ক চাই’, এ কথা বললে সড়ক পুরোপুরি নিরাপদ হবে না। কেননা মাতাল চালকের কি হুঁশ থাকে? মাদকের গডফাদারদের শাস্তির দাবি এখনি করুন। মাদকের...
