ধর্ষণের কারণে প্রতিদিনই কোনো না কোনো নারী হচ্ছে নিহত অথবা বেছে নিচ্ছে আত্মহত্যার পথ। বাংলাদেশ মহিলা পরিষদ প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা যায়, মাত্র ১০ মাসে ৩০০ তরুণীর আত্মহত্যার কারণ এই ধর্ষণ। পরিসংখ্যান থেকে এটি পরিষ্কার, ধর্ষণ আসলে কতটা ভয়াবহ আকার ধারণ করেছে। ধর্ষণ রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। সরকারকে নিতে হবে নানামুখী পদক্ষেপ।
যেকোনো রাষ্ট্র ও সমাজোর ভেতরে বাস করা নারী কোনো বিচ্ছিন্ন মানুষ নন। আমাদের সংবিধানের ২৭, ২৮ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, ‘রাষ্ট্র ও জনজীবনের সর্বস্তরে নারী-পুরুষ সমান অধিকার লাভ করবেন।’ পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নারীর জন্য ভিন্ন সামাজিক, সাংস্কৃতিক প্রথা তৈরি করে দিয়েছে আমাদের সমাজে। ফলে সম্ভব হচ্ছে না ধর্ষণ রোধ করা। সরকার নারীর নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে কিন্তু আইনের যথাযথ প্রয়োগের অভাবে থেমে থাকছে না ধর্ষণ।
প্রতিদিন আমাদের দেশে যে যত সংখ্যক ধর্ষণ হচ্ছে তার বিচারকার্য সম্পন্ন করার জন্য যদি প্রতি উপজেলায় একটি করে সুপ্রিম কোর্ট নির্মাণ করা হয়, তবুও অপরাধীদের উপর্যুক্ত বিচার হবে না। পার পেয়ে যাবে অপরাধীরা। ধর্ষণের বিষাক্ত ছোবল থেকে বাদ পড়ছে না শিশুরাও। কোমলমতি শিশুরাও ভোগ করছে মরণযন্ত্রণা। কারোনাকালেও তৃষা, পিংকি, ইলোরা, সিমিবাবু সিনথিয়ার মতো হাজারো তরুণী ধর্ষণের শিকার হয়ে বেছে নিচ্ছে আত্মহত্যার পথ।
যৌন হয়রানি মেয়েদের সুস্থ স্বাভাবিক মানসিক বিকাশ বিঘ্নিত করে। তারা হীনম্মন্যতায় ভোগে, আত্মপ্রত্যয়ী হতে পারে না। স্কুল-কলেজ বন্ধ থাকায় কমেছে ইভটিজিং আর ধর্ষণ, আমরা অনেকেই এটি মনে করি। বাস্তবে পুরুষের লালসা থেকে মেয়েরা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের আইসিইউতে থেকেও মুক্তি পাচ্ছে না। করোনার চিকিৎসা নিতে গিয়েও যৌন হয়রানির শিকার হতে হয়েছে অনেক নারীকে। করোনার ভয়াবহ পরিস্থিতিতে বন্দী সময় পার করা অবস্থায় যেখানে একজন নারী ধর্ষিত হয়। সেখানে স্বাভাবিক পরিস্থিতিতে তারা কতটুকু নিরাপদ? অনেক অপরাধীকে গ্রেফতার করেছে। হয়তো সুস্থ বিচারও হবে, কিন্তু এ কথা তো সত্য, যারা চলে গেছে তারা আর ফিরে আসবে না। এই করোনাকালে করোনায় আক্রান্ত না হয়েও অনেকে হারিয়েছে তার স্নেহের মেয়ে, প্রিয়তমা স্ত্রী আর পরম মমতার বোন। তিমির রাতের অবসানে রক্তরাঙা প্রভাতের বন্দনা করেছে তরুণরাই। তরুণদের কণ্ঠেই গীত হয় নতুন দিনের গান। পথভ্রষ্ট যুবকরা আলোর পথে ফিরে আসুক। সমাজ থেকে দূর হোক ধর্ষণের কালো ছায়া, মুছে যাক ধর্ষণের নির্মম চিত্র।