মুন্সীগঞ্জে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে জনসচেতনতামূলক র‍্যালি ও খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে এবং মুন্সীগঞ্জ পৌরসভার বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

কর্মসূচিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল সার্জন কার্যালয়সহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী, উন্নয়ন সহযোগী, রেড ক্রিসেন্ট সোসাইটি, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন।

র‍্যালি শেষে খাল ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি মশার প্রজনন উপযোগী স্থানগুলো পরিষ্কার করা হয়।

কর্মসূচিতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফীর সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: মেনহাজুল আলম পিপিএম, সিভিল সার্জন ডা: সাজেদা বেগম, মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমা নাহারসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা।

এছাড়া বিডি ক্লিন, যুব রেড ক্রিসেন্টের সদস্য এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ নয়, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।