মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের গৌরীশংকর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো— গৌরীশংকর গ্রামের মরহুম আবু মিয়ার ছেলে মো: আলী জিবান (৮) ও একই গ্রামের লোকমান মিয়ার মেয়ে রাহমা (৯)।
স্থানীয়রা জানান, পরিবারের সদস্যদের অজান্তে দুই শিশু বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। সন্ধ্যার দিকে তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা পুকুরে অনুসন্ধান করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের লাশ ভাসতে দেখা যায়। পরে দ্রুত দুই শিশুকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জহিরুল ইসলাম মুন্না জানান, দুই শিশুর লাশ কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে এবং ময়নাতদন্ত ছাড়াই লাশ নিতে আবেদন করা হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।






