যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শীর্ষস্থানে অবস্থান করছে। এ উপলক্ষে কেক কেটে উদযাপন করেছে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে জাবির বিজনেস স্টাডিজ অনুষদে বিশ্ববিদ্যালয়ের এ অর্জন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের শুভেচ্ছা পত্র এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে কেক কেটে এ অনন্য অর্জন উদযাপন করেন অনুষদের শিক্ষক ও কর্মকর্তারা।
অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক আবু সাঈফ মো: মুনতাকিমুল বারী চৌধুরী বলেন, ‘আন্তর্জাতিক র্যাংকিংয়ে জাবির এ অবস্থান শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। এ সাফল্য ধরে রাখতে গবেষণা, মানসম্মত আন্তর্জাতিক প্রকাশনা ও বৈশ্বিক সহযোগিতা আরো বাড়াতে হবে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের অর্জন ও কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মে যথাযথভাবে তুলে ধরা জরুরি।’
অধ্যাপক আবু সাঈফ মো: মুনতাকিমুল বারী চৌধুরী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে অনেক মানসম্মত গবেষণা ও আন্তর্জাতিক কার্যক্রম হলেও সেগুলোর তথ্য সময়মতো ওয়েবসাইটে হালনাগাদ না হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে অনেক সাফল্য দৃশ্যমান হয় না। জাবির বৈশ্বিক অবস্থান আরো শক্তিশালী করতে এ ঘাটতি কাটিয়ে ওঠা প্রয়োজন।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: নুরুল ইসলাম, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মো: শামছুল আলমসহ বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টিএইচই র্যাংকিংয়ে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণা, গবেষণার প্রভাব, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি ও শিল্পখাতের সাথে সম্পৃক্ততাসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়।






