সিলেটের এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়নের চান্দাইল এলাকা থেকে পাঁচ বছরের মেয়েসহ নিখোঁজ হওয়ার ১২ দিন পরও সন্ধান মেলেনি সালমা আক্তার (২৪) ও তার মেয়ের।
এ ঘটনায় নিখোঁজ সালমার স্বামী মো: রুমন মিয়া এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পাশাপাশি তাদের উদ্ধারে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর সিইওর কাছে লিখিত আবেদন করেছেন তিনি।
লিখিত আবেদনে রুমন মিয়া উল্লেখ করেন, তিনি দৈনিক জালালাবাদ পত্রিকায় বিটপিয়ন হিসেবে কর্মরত। গত ২২ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে তিনি অফিসে কর্মরত থাকা অবস্থায় তার স্ত্রী সালমা আক্তার পাঁচ বছরের মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। যাওয়ার আগে তার শাশুড়িকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা হয়েছিল বলেও আবেদনে উল্লেখ করেন তিনি।
এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মা-মেয়ের সন্ধান পাননি। বিষয়টি নিয়ে ২৩ সেপ্টেম্বর এয়ারপোর্ট থানায় জিডি করেন রুমন মিয়া। জিডি নম্বর-১১২৪।
নিখোঁজ সালমা আক্তার সিলেটের চান্দাইল গ্রামের বাসিন্দা মো: রুমন মিয়ার স্ত্রী এবং বিশ্বনাথ থানার নাজিরবাজার এলাকার সাধুপুর গ্রামের নজির মিয়ার মেয়ে। নিখোঁজের সময় তার সাথে পাঁচ বছরের মেয়ে মরিয়ম ছিল।
রুমন মিয়া মা-মেয়েকে দ্রুত খুঁজে বের করে নিরাপদে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি হৃদয়বানদের সহযোগিতা কামনা করেছেন।
এদিকে ২২ সেপ্টেম্বর থেকে রোববার পর্যন্ত ১২ দিন পার হলেও তাদের সন্ধান না পাওয়ায় পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তাদের সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা ০১৭৩৯-০৯৫১৪১ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।






