নয়া দিগন্ত ডেস্ক
তিন জেলায় দুই নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। টাঙ্গাইলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ট্রাক চালক নিহত হয়েছে।
রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সুরমা খাল থেকে ভাসমান অবস্থায় এক মহিলার (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চারাবটতল এলাকার এক ও দুই নম্বর ওয়ার্ডের মাঝামাঝি ব্রিজের নিচের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত ওই নারী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় চন্দ্রঘোনা কদমতলী ও এর আশপাশ এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতেন। গত ২-৩ দিন ধরে তাকে এলাকায় দেখা যায়নি। পরে রোববার সকালে স্থানীয় লোকজন খালে একটি লাশ ভাসতে দেখে রাঙ্গুনিয়া মডেল থানায় খবর দেন।
রাঙ্গুনিয়া মডেল থানার এসআই মো: গোলাম মোস্তফা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ইউডি মামলা হয়েছে।
নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার ভিতরে সীমানা প্রাচীরসংলগ্ন একটি পরিত্যক্ত স্থান থেকে শাজাহান তালুকদার (৭৫) নামে অবসরপ্রাপ্ত এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল রোববার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পলাশ থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শাজাহান তালুকদারের গ্রামের বাড়ি বরিশাল জেলায়। তিনি দীর্ঘদিন যাবত ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় কর্মরত ছিলেন। তিনি চার বছর আগে চাকরি থেকে অবসরে যান। অবসরের পর থেকে তিনি পলাশ উপজেলার ঘোড়াশালের খানেপুর এলাকায় বসবাস করে আসছিলেন। তার দুই সন্তানের মধ্যে একজন তার সাথে খানপুরে থাকেন এবং অন্যজন বরিশালে বসবাস করেন।
তারা আরো জানান, লাশটিতে পচন ধরে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। এ ছাড়া নিহতের হাত ও পায়ের সব আঙুল এবং পুরুষাঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে।
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা জানান, পিরোজপুরের কাউখালীতে নিজ ঘর থেকে জেসমিন বেগম (৫০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে কোনো একসময় তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা। তবে এটি হত্যাকাণ্ড, নাকি অন্য কোনো ঘটনা, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
রোববার সকালে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের বেলতলা বান্দাকান্দা এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জেসমিন বেগম ওই এলাকার মৃত কেরামত আলীর স্ত্রী ও আফজাল হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে জেসমিন বেগম বাড়িতে একাই ছিলেন। বাড়িটি নির্জন এলাকায় হওয়ায় আশপাশে তেমন কোনো প্রতিবেশী নেই। রোববার সকালে স্থানীয় এক কিশোর ওই বাড়িতে সুপারি পাড়তে এসে জেসমিন বেগমকে ডাকাডাকি করে। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে সে বাড়ির পেছনের দিকে গিয়ে ঘরের ভেতরে খাটের ওপর তার লাশ পড়ে থাকতে দেখে। এ সময় ঘরের মালামাল এলোমেলো অবস্থায় ছিল।
টাঙ্গাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রাজীব হোসেন (৩০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গায় এ ঘটনা ঘটে। নিহত রাজিব লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঠ্যাংজোড়া এলাকার আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় জড়িত অভিযোগে মিন্টু ও ফারুক নামে দু’জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাক শনিবার রাত ২টার দিকে এলেঙ্গায় এসে পৌঁছায়। চালক রাজীব হোসেন ট্রাকটি মহাসড়কের পাশে থামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে নিচে নামেন। এ সময় ৪/৫ জন ছিনতাইকারী তার মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিতে চাইলে তিনি বাধা দেন। তখন ছিনতাইকারীরা রাজীবের গলায় শ্বাসনালীতে ও পিঠে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। রাজীবের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। তখন স্থানীয়রা ধাওয়া করে মিন্টুকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ অভিযান চালিয়ে ফারুক নামে আরেকজনকে আটক করে। আটককৃত দু’জনই কালিহাতী উপজেলার এলেঙ্গা উত্তরপাড়া এলাকার বাসিন্দা।



