ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী। নির্বাচিত হলে পরিকল্পিত উন্নয়ন, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করে একটি ‘স্মার্ট ব্রাহ্মণপাড়া’ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
মাওলানা মিজানুর রহমান আতিকী ২০১৪ সালে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার তিনি উপজেলার শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি প্রকাশিত নির্বাচনী প্রচারপত্রে তিনি যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন ও টেকসই অবকাঠামো নির্মাণকে অগ্রাধিকার দিয়েছেন।
প্রচারপত্রে জরাজীর্ণ সড়ক সংস্কার, গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ এবং টেকসই উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে। এ বিষয়ে মাওলানা মিজানুর রহমান আতিকী বলেন, উপজেলার টেকসই উন্নয়ন নির্ভর করে মানসম্মত যোগাযোগব্যবস্থার ওপর। ভালো রাস্তা ও সেতু নির্মিত হলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং শিক্ষা ও চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাবে। স্বল্পমেয়াদি সমাধানের বদলে সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে আমাদের এগোতে হবে।
তিনি আরো বলেন, তরুণদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি প্রশিক্ষণ প্রদান ও স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা তৈরিতে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। দক্ষতা বাড়াতে পারলে স্থানীয় অর্থনীতি আরো গতিশীল হবে। পাশাপাশি উপজেলা পরিষদের সেবাকে স্বচ্ছ, সহজ ও জনবান্ধব করার অঙ্গীকারও জানান তিনি।
শিক্ষাবিদ ও সমাজসেবক হিসেবে এলাকায় পরিচিত মিজানুর রহমান আতিকী মহালক্ষীপাড়া সিনিয়র ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক এবং এডুকেয়ার স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান পদে কর্মরত। এ ছাড়া তিনি জিরুইন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও কসবা আড়াইবাড়ী দরবার শরিফের প্রধান খলিফা। বাড়ি চান্দলা ইউনিয়নের বাড়ানী গ্রামে।
পরিকল্পিত অবকাঠামো নির্মাণ, কর্মসংস্থান বিস্তার ও আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিতের বার্তা নিয়ে আতিকী ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছাচ্ছেন। তার এই দীর্ঘ অভিজ্ঞতা ও উন্নয়ন রূপরেখা উপজেলার ভবিষ্যৎ পুনর্গঠনে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।



