চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে চলতি বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বেড়েছে। প্রতিনিয়ত নতুন নতুন রোগী জ্বর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছেন। পরীক্ষা-নিরীক্ষায় অনেকের শরীরেই ডেঙ্গু ভাইরাস শনাক্ত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে নিচু এলাকা, বাসাবাড়ির আঙিনা ও ড্রেনে পানি জমে এডিস মশার প্রজনন বেড়েছে। আগস্ট ও সেপ্টেম্বর- এই দুই মাসেই হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন ৪০ জনের বেশি রোগী। বর্তমানে দৈনিক গড়ে ৩ থেকে ৫ জন নতুন রোগী ভর্তি হচ্ছেন। ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখা যায়, নারী ও পুরুষদের জন্য পৃথক ওয়ার্ডে মশারি টাঙিয়ে রোগীদের সেবা দেয়া হচ্ছে।
হাসপাতালে চিকিৎসাধীন বালিহুদা গ্রামের আক্রান্ত নাজিমুদ্দিন ও ঢাকা ফেরত কাশিপুর গ্রামের ইয়ামিন হোসেন জানান, কয়েক দিন তীব্র জ্বরে ভোগার পর পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে।
জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা বলেন, সচেতনতা ও প্রতিরোধই এর প্রধান উপায়।
বাসাবাড়ির আঙিনা পরিষ্কার রাখা, জমে থাকা পানি ফেলে দেয়া ও রাতে-দিনে মশারি ব্যবহারের বিকল্প নেই। হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা দেয়া হচ্ছে।



