নাটোরের নলডাঙ্গায় মসজিদে ফজরের আযানরত অবস্থায় মুয়াজ্জিন সৈয়দ আলী মৃধাকে ছুরি মেরে জখম করার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সোমবার (৫ অক্টোবর) নলডাঙ্গা উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নে চর বাঙ্গালপাড়া গ্রামের মসজিদের বারান্দায় এ ঘটনা ঘটে।

সৈয়দ আলী মৃধা উপজেলার চর বাঙ্গালপাড়া গ্রামের মরহুম শাহাদ আলী মৃধার ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের নিয়মিত মুয়াজ্জিন ছুটিতে থাকায় তিনি মসজিদের বারান্দায় ফজরের আযান দিচ্ছিলেন। আযানরত অবস্থায় মুখে মাস্ক পরে পিছন থেকে ছুরি মেরে পালিয়ে যায় দুর্বৃত্ত। পরে আযান শেষ করে চিৎকার শুরু করলে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার জাহান বলেন, ‘ঘটনা সম্পর্কে জেনেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’