শিক্ষকতা পেশায় বিশেষ অবদান রাখায় ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুণী শিক্ষকের সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়ামে ঠাকুরগাঁও শিক্ষক পরিবার আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস-২০২৬-এর বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে এ সম্মাননা প্রদান করা হয়। এ সময় রাষ্ট্রপতির পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন তার ছোট ভাই মির্জা ফয়সল আমীনের মেয়ে ডা: মির্জা ফাইজা তাসনিম।
এর আগে দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা শিক্ষা অফিসার শাহীন আকতারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রফিকুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন, অতিরিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম ফেরদৌস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলর সাবেক উপপরিচালক মো: আখতারুজ্জামান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব রেজাউল করিম লিটন, ঠাকুরগাঁও শিক্ষক পরিবারের আহ্বায়ক মাহমুদুন্নী, শিক্ষক নেতা তাজউদ্দিন তাজু, শাহ মো: নাজমুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ভোকেশনাল স্কুলের প্রায় এক হাজার শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।






