নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ‘আমাদের দল বিএনপি সরকার গঠন করার ৮ মাসের মধ্যে দেশের জন্য যা করেছে তা প্রশংসনীয়। আমাদের সরকার স্বাস্থ্যখাতে সর্বোচ্চ বাজেট রেখেছে। এ সরকার এবার ডেঙ্গু প্রতিরোধে সোচ্চার রয়েছে। প্রতিটি বিভাগ থেকে ওয়ার্ডে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। একই সাথে সরকারি হাসপাতালে ডেঙ্গু কিট বিতরণ করা হচ্ছে।’
সোমবার (৫ অক্টোবর) বিকেলে সোনারগাঁও উপজেলা সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু কিট বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোনারগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ বিতরণী অনুষ্ঠানে ডেঙ্গু কিট গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা রাসেল আহমেদ ভূঁইয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলার নির্বাহী প্রকৌশলী সোহেল আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান সরকার, সাবেক যুবদল নেতা হারুন অর রশিদ মিঠু প্রমুখ।



