বরিশালের বৃহৎ বাণিজ্য কেন্দ্র গৌরনদী উপজেলার টরকী বন্দর ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটির নির্বাচিনে বিএনপি নেতা শরীফ শাহাবুব হাসান আহ্বায়ক ও বিএনপি নেতা মো: বদিউজ্জামান (চঞ্চল মাঝি) সদস্যসচিব নির্বাচিত হয়েছেন।
গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি সমর্থিতদের দু’টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। যার একটিতে ছিলেন বন্দরের ব্যবসায়ী ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ শাহাবুব হাসান ও যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি বিএনপি নেতা এবং ব্যবসায়ী মো: বদিউজ্জামান চঞ্চল। অপর প্যানেলে ছিলেন বন্দরের ব্যবসায়ী ও গৌরনদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এবং টরকী বন্দর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি শাহজাহান শরীফ ও সাবেক ছাত্রদল নেতা সরদার আবুল ফয়েজ। এর মধ্যে শরীফ শাহাবুব হাসানের নেতৃত্বাধীন প্যানেল জয়ী হয়।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আব্দুল্লাহ খানের নির্দেশনায় নির্বাচন পরিচালনা করেন গৌরনদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মাহমুদুল হাসান ফরিদ।