টাঙ্গাইলের সখীপুরের মাচিয়া ও বানিয়ার ছিট গ্রামে শিয়ালের কামড়ে আটজন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিক্যালে নেয়া হয়েছে। শনিবার রাত ১১টার দিকে পাশাপাশি ওই দুই গ্রামের বিভিন্ন বয়সী আটজন শিয়ালের কামড়ে আহত হন।
গতকাল রোববার বেলা ১১টার দিকে তাদের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আহতরা হলেন- মাচিয়া গ্রামের ইঞ্জিনিয়ার আল আমীন ও তার মা, রাজমিস্ত্রি শরীফ, চায়ের দোকানি জুলহাস, ভ্যানচালক আসলাম, কলেজ শিক্ষার্থী শাহিন ও ভ্যানচালক আনিস। শিয়ালের কামড়ে গুরুতর আহত ইঞ্জিনিয়ার আল আমীনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, আক্রমণকারী শিয়ালটি রাত ৩টার দিকে বানিয়ারছিট বাজারের নৈশপ্রহরী আবদুল আলীমকে (৫৫) দায়িত্ব পালনের সময় আক্রমণ করতে এলে উপস্থিত লোকজন পিটিয়ে মেরে ফেলেন। আহতরা জানান, একই শিয়াল তাদেরও কামড় দিয়ে আহত করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার মনিরুল ইসলাম জানান, সখীপুরের দুই গ্রামের ৮-১০ জনকে শনিবার রাতে শিয়াল আক্রমণ করে আহত করেছে। তাদের অনেকেই সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন। তাদের ভ্যাক্সিনসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে, তারা এখন শঙ্কামুক্ত।



