কিশোরগঞ্জের কটিয়াদীতে হঠাৎ দমকা হাওয়ায় বাসা ভেঙে যাওয়ায় ক্ষেপে যায় ভিমরুল। এতে উপজেলার বিভিন্ন এলাকায় ভিমরুলের আক্রমণে প্রায় ২০ জন আহত হন। ব্যথায় কাতর অধিকাংশ নারী, পুরুষ, শিশু চিকিৎসা নিতে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আসে। অনেকে স্থানীয়ভাবে চিকিৎসা নেন। ঘটনাটি গত শনিবার বিকেলের।
জানা যায়, বেলা ৩টার দিকে হঠাৎ একটি দমকা হাওয়া বয়ে যায় উপজেলার সর্বত্রই। বিভিন্ন গাছের ডালে, ঝোপ-জঙ্গলে থাকা ভিমরুলের বাসায় এর প্রভাব পড়ে। বাতাসের ঝাপটায় ভিমরুল দিগবেদিক ছোটাছুটি শুরু করে। তখন ক্ষিপ্ত হয়ে যেখানে যাকে পেয়েছে তাকেই আক্রমণ করেছে।

ভিমরুলের কামড়ে ব্যথায় কাতর হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন বনগ্রাম ইউনিয়নের নাগেরগ্রামের হাবিবুর রহমান, শাহাবুদ্দিন, রুবেল, পৌর এলাকার বেথইর গ্রামের রাফি, কামারকোনা গ্রামের শাম্মী, দড়ি চরিয়াকোনা গ্রামের হোসাইন, লোহাজুরী ইউনিয়নের রোমা আক্তার, স্বর্ণা আক্তার, পান্না আক্তার, রুনা ও পাশের মনোহরদী উপজেলার চরমান্দালিয়া গ্রামের দিলরুবা। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
আহত শাহাবুদ্দিন জানান, জমিতে কাজ করছিলাম। হঠাৎ দমকা হাওয়া শুরু হয়। তখন বাড়ি ফেরার সময় ভিমরুলের আক্রমণের শিকার হই। প্রচণ্ড ব্যথায় ছুটে আসি হাসপাতালে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক (সাকমো) খাদেমুল ইসলাম জানান, ভিমরুলের আক্রমণে আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবেন তারা।