কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক ড. মো: হায়দার আলী। এ ছাড়াও কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে প্রো-ভিসি ও কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মাসুদা কামাল এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান।
গতকাল রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব মো: শাহিনুর ইসলামের স্বাক্ষরিত পৃথক তিনটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

নিয়োগের শর্তে বলা হয়, ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার হিসেবে তাদের নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। এই পদে তারা বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন। এ ছাড়াও বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষিণকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
নতুন ভিসি অধ্যাপক হায়দার আলী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড ফিজিকস অ্যান্ড ইলেক্ট্রনিকসে অনার্স ও মাস্টার্স এবং জাপানের তায়োহাশি ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে ইলেক্ট্রনিকস অ্যান্ড ইনফরমেশন ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এ ছাড়াও তিনি এর আগে চেয়ারম্যান হিসেবে ঢাবির সিএসই বিভাগে দায়িত্ব পালন করেন।

প্রো-ভিসি অধ্যাপক ড. মাসুদা কামাল বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগ থেকে বিএসএস, এমএসএস এবং পিএইচডি ডিগ্রি এবং ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি লাভ করেন। তিনি এর আগে বিভাগের চেয়ারম্যান হিসেবে প্রায় ১২ বছর, ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক, নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রভোস্ট ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনসহ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক সেমিনার ও সম্মেলন এবং নেটওয়ার্কিং আয়োজন ও পরিচালনায় অভিজ্ঞতাসম্পন্ন। এ ছাড়া দেশী-বিদেশী বিভিন্ন জার্নালে তার প্রকাশিত গবেষণা ও বই রয়েছে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান ২০০৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ (সম্মান)সহ স্নাতক হন এবং ২০০৫ সালে এমবিএ অর্জন করেন। এ ছাড়া তিনি ২০১৭ সালে ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিস (টঘওগঅচ) থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। গবেষণায় তার বেশ সুনাম রয়েছে বিশ্ববিদ্যালয়ে, অধ্যাপক সোলাইমানের ২৫টিরও বেশি গবেষণা নিবন্ধ স্থানীয় এবং স্কোপাস লিস্টেড আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি এর আগে ১১ বছরেরও বেশি প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে, যার মধ্যে রয়েছে বিভাগের চেয়ারম্যান, নিজ বিভাগের প্রোগ্রাম ডিরেক্টর, এমবিএ ইভিনিং প্রোগ্রাম, ছাত্র উপদেষ্টা, নিজ বিভাগের ঙইঊ (উদ্দেশ্যভিত্তিক শিক্ষা) কারিকুলামের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং নবাব ফয়জুন্নেসা চৌধুরানী আবাসিক হলে হাউজ টিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।