বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত মুহাম্মদ আবদুল হালিম বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহত পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ফ্যাসিবাদী হাসিনা সরকারকে বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে এদেশের ছাত্রজনতা। তাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে। জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে তাদের এ বীরত্ব।
গতকাল সোমবার সকালে জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখা আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও লালমনিরহাট জেলা আমির অধ্যাপক আতাউর রহমানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আবু তাহেরের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা সহকারি সেক্রেটারি হাফেজ শাহ আলম, অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, অ্যাডভোকেট আব্দুল বাতেন, আলাউল ইসলাম ফাতেমী পাভেল, মুফতি মাওলানা মুজিবুর রহমান, ব্যবসায়ী নিয়াজ আহমেদ রেজা প্রমুখ।
অনুষ্ঠানে শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন শিহাব মিয়া। এছাড়া মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লালমনিরহাটের অন্যতম সমন্বয়ক হামিদুর রহমান। মতবিনিময় শেষে নগদ এক লাখ টাকা প্রত্যেক শহীদ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। এর আগেও ছাত্র আন্দোলনে জেলার পাঁচ শহীদ পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা করেছে জামায়াতে ইসলামী লালমনিরহাট শাখা।



