পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত এলাকা থেকে তিন রোহিঙ্গা তরুণীকে আটক করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতের প্রবেশের প্রস্তুতির অভিযোগে তেঁতুলিয়া উপজেলা সদরের দর্জিপাড়া থেকে তাদের আটক করা হয়। আটক তরুণীরা হলেন, কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা আবুল ফয়েজের মেয়ে মাইজুমা (১৭), শফির মেয়ে শারমিন আক্তার (১৭) ও আবুল কালামের মেয়ে নুর ছাফা (১৮)।
বিজিবি জানায়, পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন শারিয়ালজোত বিওপি ক্যাম্পের সদস্যরা সীমান্ত মেইন পিলার ৪২১ এলাকার দর্জিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় ইসমাইল হোসেন নামে উখিয়ার এক বাসিন্দা পালিয়ে যান। আটক তিনজনই রোহিঙ্গা নাগরিক এবং কক্সবাজার শরণার্থী শিবিরের থাকতেন বলে দাবি করেছে বিজিবি। প্রতারকের খপ্পরে পড়ে তারা তেঁতুলিয়ায় আসেন। ভারতে পাচারের জন্যই ইসমাইল তাদের সীমান্ত এলাকায় নিয়ে যান। আটকের পর বিজিবি হেফাজতে তাদের তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে রাখা হয়।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি জানান, বিজিবিসহ উপজেলা প্রশাসন মিলে আটক তরুণীদের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। পরিবারের কাছে তাদের তুলে দিতে আইনি প্রক্রিয়া চলমান।



