কুড়িগ্রামের ফুলবাড়ী উপজলায় গবাদি পশুর ক্ষুরা রোগ ছড়িয়ে পড়েছে। গত ১৫ দিনে এ রোগে আক্রান্ত হয়ে এক গ্রামেই ১২টি গরুর মৃত্যু হয়েছে। ফলে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক খামারি এবং সাধারণ গরু পালনকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে ভাইরাসজনিত এ রোগের সঠিক চিকিৎসা দিলে মৃত্যুর সম্ভাবনা নাই বলে প্রাণিসম্পদ কর্মকর্তা জানিয়েছেন।
জানা গেছে, উপজলার ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানাসহ গোটা উপজেলায় ব্যাপকভাবে গরুর ক্ষুরা রোগ দেখা দিয়েছে। আক্রান্ত গরুর শরীরে প্রথমে কাঁপুনি দিয়ে জ্বর আসে। এরপর মুখ দিয়ে ক্রমাগত লালা পড়তে থাকে এবং খাওয়া বন্ধ হয়ে যায়। এভাবে দুই-তিন দিনের মধ্যে গরু মৃত্যুর কোলে ঢলে পড়ে।
চন্দ্রখানা বজরের খামার গ্রামের নাজমা বেগমের দুইটি, মোবারাক আলীর একটি, লিয়াকত আলীর একটি, টুনকু মিয়ার একটি, রতন মিয়ার দুইটি, আশরাফুল আলমের একটি, চন্দ্রখানা কুমার পাড়ার লিটন মিয়া একটি, আব্দুস সামাদের একটি, বাবলু মিয়ার একটি গরু মারা গেছে। পানিমাছকুটি গ্রামের ফরহাদ হোসেন জানান, ক্ষুরা রোগে আক্রান্ত হয়ে তার পৌনে দুই লাখ টাকা মূল্যের একটি গরু মারা গেছে। বাকি গরুগুলোর অবস্থাও ভালো নয়।