সাক্ষাৎ করাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভিসির কক্ষে ছাত্রদল নেতাকর্মীদের সাথে সাধারণ শিক্ষার্থীদের বাগবিতণ্ডা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সদস্য আরিফ হোসেন শান্তর নেতৃত্বে কিছু শিক্ষার্থী ভিসির সাথে সৌজন্য সাক্ষাতে গেলে সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তিনি। এ সময় ভিসির সামনেই সাধারণ শিক্ষার্থীদের সাথে বাগবিতণ্ডায় জড়ান ছাত্রদলের এই নেতা। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় নতুন ভিসি অধ্যাপক ড. শুচিতা শরমিন যোগদানের পর সাধারণ শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা ভিসির সাথে সাক্ষাৎ শেষে বের হওয়ার পরই ছাত্রদল নেতা আরিফ হোসেন শান্ত তার অনুসারী কিছু শিক্ষার্থী নিয়ে ভিসির কক্ষে প্রবেশ করেন। শান্ত নিজেকে ছাত্রদল নেতা পরিচয় দিলে ভিসি তাকে রাজনৈতিক পরিচয় দিতে নিষেধ করেন। শান্ত বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কার্যনির্বাহী সদস্য। ছাত্রদলের এ কমিটি হয় ২০২১ সালে। ছাত্রদলের এ কমিটির মেয়াদোউত্তীর্ণ।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বলেন, ছাত্রদল নেতা আরিফের নেতৃত্বে কিছু শিক্ষার্থী ভিসির কক্ষে প্রবেশ করলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয় দু’পক্ষের মধ্য। এ সময় ভিসি শিক্ষার্থীদের শান্ত থাকার নির্দেশ দেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ৮৫তম সিন্ডিকেট সভায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের কোনো ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়।



