বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, জামায়াত ইসলামীর কোনো নেতার বিরুদ্ধে কোনো সরকার এক টাকার দুর্নীতির প্রমাণ করতে পারেনি। সৎ মানুষরাই জামায়াত ইসলামের রাজনীতির সাথে সম্পৃক্ত। গত বুধবার পটুয়াখালীর কলাপাড়া উপজেলা দক্ষিণ জোনের উদ্যোগে কুয়াকাটা পর্যটন হলিডে হোমস চত্বরে আয়োজিত জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বিগত স্বৈরাচার আওয়ামী সরকার বাংলাদেশের পর্যটন শিল্পকে ধ্বংস করে দিয়ে গেছে। বাংলাদেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করার স্বপ্ন বাস্তবায়নে স্বৈরাচারী হাসিনা সরকার জামায়তের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়েছে। বাংলাদেশকে মেধাশূন্য করতেই ৫৭ জন মেধাবী সেনা কর্মকর্তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
কুয়াকাটা পৌর জামায়াতের আমির মাওলানা মাঈনুল ইসলাম মান্নানের সভাপতিত্বে এ কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা জামায়াতের আমির অধ্যাপক মুহম্মদ শাহ আলম, নায়েবে আমির অধ্যক্ষ আব্দুস সালাম খান, অ্যাডভোকেট নাজমুল আহসান, সেক্রেটারি অধ্যাপক এ বি এম সাইফুল্লাহ, কলাপাড়া উপজেলা আমির মাওলানা আব্দুল কাইউম, মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ বিহার অধ্যক্ষ উত্তম ভিক্ষু, কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন মন্ডল প্রমুখ।