বিভিন্ন ধরনের দেশীয় প্রজাতির ফসল, সবজি, ফলদ ও বনজ উদ্ভিদের বীজ সংরক্ষণ, প্রদর্শনী ও বিনিময়ের উদ্দেশ্যে মানিকগঞ্জের ঘিওরে বীজমেলার আয়োজন করা হয়। গত শুক্রবার দিনব্যাপী উপজেলার রামদিয়ানালী গ্রামে শতবাড়িতে ব্যতিক্রমধর্মী এ মেলা বসে। বেসরকারি কৃষি গবেষণাধর্মী প্রতিষ্ঠান বারসিকের সহায়তায় এ মেলার আয়োজন করেন স্থানীয় কৃষকরা।
মেলায় সাতটি গ্রামের ৪০ কৃষক-কৃষাণি অন্তত ৬০ জাত ও প্রজাতির বীজ প্রদর্শন করেন। কৃষাণি-কৃষকদের প্রদর্শিত বীজের সংখ্যা, বৈচিত্র্যময়তা, বীজের মান এবং বীজ উপস্থাপন কৌশলের ওপর ভিত্তি করে কৃষক-কৃষাণিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে প্রবীণ কৃষাণিরা নতুন প্রজন্মের হাতে বীজ বিনিময় করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন, মানিকগঞ্জ কৃষি ফোরামের আহ্বায়ক কৃষি গবেষক মাসুদ বিশ্বাস, বারসিক কর্মকর্তা মুক্তার হোসেন, সুবীর কুমার সরকার, শ্যাময়েল হাসদা, সামাজিক ব্যক্তিত্ব গোবিন্দ কুমার নন্দী, শতবাড়ি কৃষাণি সীমা সরকার, আকলিমা বেগম, কৃষক বাদশা মিয়া প্রমুখ।