বরিশালের উজিরপুরে র‌্যাব অভিযান চালিয়ে স্পেনের তৈরি ফোর পয়েন্ট ফাইভ ক্যালিবারের অত্যাধুনিক বিদেশী পিস্তলসহ এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৮ -এর উপ অধিনায়ক মেজর সোহেল রানা।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে ভোরে উপজেলার ধামুরা বন্দর এলাকায় ওই অভিযান চালায় র‌্যাব-৮ -এর সদস্যরা।

র‌্যাব জানায়, উজিরপুর উপজেলার ধামুরা বন্দর এলাকায় এক যুবক সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশে একটি বিদেশী আগ্নেয়াস্ত্রসহ নিজ বাড়িতে অবস্থান করছে বলে তারা জানতে পারে।

জানা গেছে, আজ সকাল ৫টার দিকে র‍্যাব -৮, সদর কোম্পানির একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ধামুরা বন্দর এলাকার আব্দুল জলিল বালীর ছেলে মো: তুষার মাহমুদকে (২৪) আটক করা হয়। পাশাপাশি তারা হেফাজতে থাকা একটি স্পেনের তৈরি ফোর পয়েন্ট ফাইভ ক্যালিবার পিস্তল উদ্ধার করা হয়। আটক তুষারের বিরুদ্ধে আগেও ধর্ষণের মতো সামাজিক অপরাধের মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

আরো জানা গেছে, অস্ত্র উদ্ধারে ঘটনায় তুষারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে উজিরপুর মডেল থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।