ময়মনসিংহের ভালুকা উপজেলার মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত ক্রাউন ওয়ার্স প্রাইভেট লিমিটেডের নির্মাণাধীন ভবনের লিফটের গর্তে পড়ে সাজ্জাদ হোসেন (২০) নামে এক শ্রমিক নিহতের ঘটনায় দুই দফা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে কারখানার শ্রমিকরা। গতকাল সোমবার সকালে শ্রমিকরা কাজে যোগদান না করে প্রথমে কারখানার মূলফটকে এবং পরে তারা মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে। সেনাবাহিনীর সদস্য, থানা ও শিল্পপুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিকরা অভিযোগ করেন, মনে হচ্ছে সাজ্জাদ লিফটের গর্তে ৪০ ফুট নিচে পড়ে থাকার বিষয়টি কর্তৃপক্ষ হয়তো আগেই টের পেয়েছেন। কিন্তু নিজেদের দায় এড়াতে পুলিশকে না জানিয়ে লিফটের গর্তের চারপাশে রাতারাতি প্রাচীর নির্মাণ করে। শ্রমিকরা কারখানার দায়ী ব্যক্তিদের শাস্তির দাবি জানান।
নিহতের বড় ভাই একই কারখানায় কর্মরত সেলিম হোসেন জানান, তার ভাই সাজ্জাদ নিখোঁজ হওয়ায় গত শনিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন।
ভালুকা মডেল থানার ওসি শামছুল হুদা খান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল মর্গে পাঠানো হয়েছে।



