নাটোরের গুরুদাসপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র মশিউর রহমান বাবলু ও সাধারণ সম্পাদক দুলাল সরকারের দ্বন্দ্ব এখন প্রকাশ্যে রূপ নিয়েছে। দুই পক্ষে বিভক্ত ওই দুই নেতার কর্মী সমর্থকের মধ্যে যেকোনো সময় সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
সম্প্রতি বিএনপির ওই দুই নেতা আগামী পৌর নির্বাচনে মেয়র প্রার্থিতার ঘোষণা দিলে তাদের মধ্যে বিরোধ আরো দানা বাঁধে। এর মধ্যে সোমবার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনের মাধ্যমে একে অপরের বিরুদ্ধে বিষোদগার করেন তারা।
এ দিকে জানা যায়, মিথ্যা মামলা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করায় অদিতি কম্পিউটারের মালিক গণমাধ্যম কর্মী আনিসুর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন গুরুদাসপুর পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র মশিউর রহমান বাবলু।

সোমবার বেলা ১১টায় গুরুদাসপুর থানা শিক্ষাসঙ্ঘ পাবলিক মিলনায়তনে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা পৌর মেয়র পদপ্রার্থী মশিউর রহমান বাবলু বলেন, চাঁচকৈড় বাজারে আমার জায়গা ভাড়া নিয়ে সিনেমা হল করেছেন অদিতি কম্পিউটারের মালিক আনিসুর রহমান। ‘আনন্দ সিনেপ্লেক্স’ হলটিতে অশ্লীল নীল ছবি চালাতেন তিনি। সেই সাথে কলগার্ল নিয়ে এসে চালাতেন অনৈতিক কর্মকাণ্ড। স্থানীয় এক আওয়ামী লীগ নেতার দাপট দেখিয়ে তিনি আমার জায়গার ভাড়াও দিতেন না। আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর গত ৮ আগস্ট সিনেমা হলটি ভাঙচুর করে দুর্বৃত্তরা। ভাড়া দেয়ার ভয়ে আমার প্রতিপক্ষ পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুলাল সরকারের মদদে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে অপপ্রচার চালাচ্ছেন আনিসুর রহমান। এ সময় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ, মিজানুর রহমানসহ বিএনপির একাংশের কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন।
অপর দিকে সাবেক পৌর মেয়র বাবলুর বক্তব্যের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুলাল সরকার। সোমবার বিকেলে চাঁচকৈড় এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে দুলাল সরকার বলেন, আমার অপরাধ আমি পৌরসভার মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছি। তাই বাবলু ভাই আমার ওপর চটেছেন। সংবাদ সম্মেলন করলেন সিনেমা হল নিয়ে আর বক্তব্য দিলেন আমার বিরুদ্ধে। আমার বিরুদ্ধে মিথ্যাচার করতে গিয়ে বাবলু ভাইয়ের ভাবমূর্তি আরো ক্ষুণ্ন হয়েছে।

তিনি আরো বলেন, আমার প্রতি এলাকাবাসীর অকুণ্ঠ সমর্থন দেখে ভীত হয়ে বিষোদগার করছেন। স্থানীয় ভারসাম্যহীন এক মদ্যপায়ী আওয়ামী কর্মীকে দিয়ে আমার বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তুলেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি নাজমুল করিম নজু, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন মাহমুদ সহ মাসুদ রানা, হাবিব শেখ প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আলী শেখ বলেন, জাতীয় নির্বাচন নিয়ে তাদের মাথাব্যথা নেই। অথচ পৌর নির্বাচন নিয়ে তারা দ্বন্দ্বে লিপ্ত।