সুনামগঞ্জের দিরাইয়ে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সোহাগ দাস (১৩) নামে এক কিশোর মারা গেছে। শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

সোহাগ দাস দিরাই সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামের সঞ্জিব দাসের ছেলে।

পরিবারের লোকজন জানান, জারলিয়া গ্রামের পাশের হাওরে জাল দিয়ে মাছ ধরতে যায় সোহাগ দাস। এ সময় হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাতের কবলে পড়ে সোহাগ দাস। তাকে উদ্ধার করে দিরাই উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিরাই উপজেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার রায়হান উদ্দিন বজ্রপাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দিরাই থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, বজ্রপাতে জারলিয়া গ্রামের সোহাগ দাস নামে এক কিশোর মারা গেছে।