পিরোজপুরের ভাণ্ডারিয়ায় উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাথে বিএনপির একাংশের নেতাদের মতবিনিময় সভা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার কেন্দ্রীয় মদনমোহন জিউ মন্দির মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি নেতা ভাণ্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মো: মাহমুদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার সময় দেশে যেমন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিল ভবিষ্যতেও তার ব্যত্যয় ঘটবে না। আপনারা নির্বিঘ্নে পূজা উদযাপন করবেন, বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতারা আপনাদের পাশে থাকবে।
উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি কিরন চন্দ্র বসুর সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা মনিরুল ইসলাম সোহাগ, স্থানীয় বিএনপি নেতা আলমগীর হোসেন, ভাণ্ডারিয়া পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মন্নান হাওলাদার ও উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস। পরে পৌরসভাসহ উপজেলার চারটি ইউনিয়নের ৪৭টি মন্দির ও মণ্ডপে সরকারি ও বেসরকারি অনুদান দেয়া হয়।



