পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) জামিল হাসানের বিরুদ্ধে বিপুল সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বরিশাল রেঞ্জে কর্মরত থাকা অবস্থায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে দুদক ইতোমধ্যে অনুসন্ধান কার্যক্রমে হাত দিয়েছে। দুদকের সহকারী পরিচালক রাজ কুমার সাহাকে এ অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়েছে। এ বিষয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থায় নথি তলব করা হয়েছে।

জানা যায়, ডিআইজি জামিল বরিশালের উজিরপুর উপজেলার একজন বিশাল ভূস্বামী হিসেবে পরিচিত। তিনি সেখানে ৪০ একর জমিতে রিসোর্ট নির্মাণ এবং তার মালিকানায় রয়েছে ৩৬ বিঘার একটি গরুর খামার ছাড়াও ঢাকার খিলগাঁওয়ে ১টি এবং রামপুরার বনশ্রীতে ‘পুলিশ পার্ক’ ভবনে তার ৩ কোটি টাকার একটি ফ্ল্যাটসহ রয়েছে বিলাসবহুল গাড়ি।
তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের আগ্রহে ২০১২ সালে জামিল ফরিদপুরের এসপি হিসেবে যোগ দেয়ার পরই মন্ত্রীর সাথে সখ্য বাড়তে থাকে এবং বাড়তে থাকে ক্ষমতা-প্রভাব।
এ বিষয়ে ডিআইজি জামিল হাসানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।