সাম্প্রতিক সহিংসতায় খাগড়াছড়ির কল্যাণপুরে অবস্থিত কেএসটিসি হাসপাতালে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়েরকৃত মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে খাগড়াছড়ি সদরের শালবন ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিরা হলেন লুৎফর রহমান, নুর মোহাম্মদ, ইসমাইল হোসেন, শাহাজাহান ও মো: কামরুল।
বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, খাগড়াছড়িতে সহিংসতা চলাকালে জেলা শহরের কল্যাণপুর এলাকার কেএসটিসি হাসপাতালে ভাঙচুর ও লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১ অক্টোবর খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানা নামে এক শিক্ষককে পিটিয়ে হত্যা করে পাহাড়ি শিক্ষার্থী ও বহিরাগতরা। এ ঘটনাকে কেন্দ্র করে জেলা সদরের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটে। এ সময় কল্যাণপুরে কেএসটিসি হাসপাতালেও ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। ঘটনার পর ৮ জনের নাম উল্লেখ করে আরো দুই শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন হাসপাতালের মালিক কল্যানী চাকমা।



