সাতক্ষীরার কালিগঞ্জে বিগত ১০ বছরে চাকরি থেকে অবসর নেয়া ৮০ শিক্ষককে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গত সোমবার সমিতির নিজস্ব ভবনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী।
স্বরাব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, কালিগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর আনোয়ার কবীর, শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী, সহকারী জেলা শিক্ষা অফিসার মোজাফফর উদ্দীন, সহকারী জেলা শিক্ষা অফিসার মো: কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার অমিত কুমার বিশ^াস প্রমুখ।
এ সময় বিগত ২০১৫ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর নেয়া ৪৩ প্রধান শিক্ষক ও ৩৭ সহকারী শিক্ষককে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। সংবর্ধনায় উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও সুধীরা উপস্থিত ছিলেন।



