মেহেরপুরের গাংনী উপজেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি মাসের সাত দিনে নতুন করে ২৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার আব্দুল আল মারুফ জানান, গেল ২৪ ঘণ্টায় নতুন করে দুইজন ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে দুইজন রোগীকে ছাত্রপত্র দেয়া হয়েছে এবং ভর্তি রয়েছেন ১০ জন। চলতি মাসের সাত দিনে ২৮ জন এবং গেল মাসে ১০০ জন রোগীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা না থাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে বলে জানান চিকিৎসকরা।

তবে অভিযোগ রয়েছে- হাসপাতাল থেকেও ডেঙ্গু ছড়াচ্ছে। উপজেলাপর্যায়ের হাসপাতালে আলাদা ডেঙ্গু ওয়ার্ড না থাকায় সাধারণ রোগীদের সাথেই ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা দেয়া হচ্ছে। ডেঙ্গু আক্রান্ত রোগীরা সংক্রমণ প্রতিরোধে ব্যবস্থা না নেয়ায় ঝুঁকিতে সাধারণ রোগীরা।
এ বিষয়ে জানতে চাইলে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন, পৌর ও ইউনিয়নপর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনায় জনপ্রতিনিধিদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। পৌর এলাকায় ফগার মেশিন দিয়ে মশক নিধন করা হচ্ছে। তবে বাসাবাড়িসহ ডেঙ্গুর সম্ভাব্য আবাসস্থল ধ্বংসে ব্যক্তিগত সচেতনতা প্রয়োজন বলে জানান এ কর্মকর্তা।